শাঁখারীপোতা বাজারের সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
- Update Time : ১২:১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২০ Time View

মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাঁখারীপোতা বাজারের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় সংকটাপন্ন ও বিপজ্জনক অবস্থায় পড়ে আছে। সড়কটি দিয়ে ধান্যখোলা ও ঘিবা এলাকার মানুষের নিয়মিত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা চলমান থাকলেও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।
দীর্ঘদিন ধরে সড়কে পানি জমে থাকায় কোথাও কোথাও রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জলাবদ্ধতার কারণে বাজারে ক্রেতা-বিক্রেতাদের চলাচল কমে যাওয়ায় ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সড়কটি সংস্কার করা না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সড়কের জলাবদ্ধতা নিরসন ও সংস্কারের ব্যবস্থা করলে ধান্যখোলা, ঘিবা ও আশপাশের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।




















