বেনাপোল কাস্টমসের অর্জন: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক
- Update Time : ০৫:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৩ Time View

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেনাপোল কাস্টমস হাউস এর সফল অভিযানে জব্দকৃত ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলামে তোলা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান এর নির্দেশনায় এবং কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিকেলে বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে সংরক্ষিত মাছের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, গত ০৬ মে ২০২৬ তারিখে সি-৩২৯৪ নম্বর বি/ই এবং ৬০১২২৬০০২০০০২৮১১৭ নম্বর মেনিফেস্টের বিপরীতে বিপুল পরিমাণ এই মাছ আটক ও বাজেয়াপ্ত করা হয়। সরকারের রাজস্ব সুরক্ষা এবং পচনশীল পণ্যের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাস্টমস কর্তৃপক্ষ বিকেল ৩টায় শুল্ক গুদাম (বিজিবি সাইড) প্রাঙ্গণে প্রকাশ্য নিলামের আয়োজন করে। নিলামে অংশগ্রহণকারী আগ্রহী ক্রেতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কাস্টমস বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ জামানত তাৎক্ষণিকভাবে জমা দিতে বলা হয়। পাশাপাশি বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক (VAT) এবং ১০ শতাংশ উৎস কর পরিশোধের বিধান রাখা হয়। সহকারী কাস্টমস কমিশনার রাহাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বেনাপোল কাস্টমস হাউস এর নিয়মিত তদারকি ও স্বচ্ছ নিলাম কার্যক্রম একদিকে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করছে, অন্যদিকে চোরাচালান প্রতিরোধেও কঠোর বার্তা দিচ্ছে।





















