বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আটক ১
- Update Time : ০৫:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৫ Time View

রাহাত হোসেন বেনাপোল প্রতিনিধি | ১২ মে ২০২৬ যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এসএসসি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তামিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, গোগা কালিনী আলিম মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী খাতুন, সুমাইয়া খাতুন ও সানজিদা খাতুনসহ চারজন মেয়ে এবং দুইজন ছেলে মঙ্গলবার পরীক্ষা দিতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসে। পরীক্ষা শেষে তারা বেনাপোল রেলস্টেশন এলাকায় ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের উত্যক্ত করতে শুরু করে। অভিযোগ রয়েছে, বেনাপোলের ছোটআচড়া গ্রামের স্বাধীন, ভবারবেড় গ্রামের তামিম ও কাগমারি গ্রামের জুয়েলসহ ৪-৫ জন যুবক শিক্ষার্থীদের বিভিন্নভাবে বিরক্ত ও ডিস্টার্ব করে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হলে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার বিষয়ে বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ উদ্দিন জানান, “ঘটনাস্থল থেকে তামিম নামে এক যুবককে আটক করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে পুলিশ নজরদারিতে রেখেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।





















