বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০০ Time View

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং মানবিক সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বায়তুল মাল সম্পাদক ও ৩৯ নং ওয়ার্ড আমিরে জামায়াত মোঃ ওসমান গনি। আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ-সংগঠক মোহাম্মদ শাহেদ এবং ওয়ার্ড বি.এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুর রহমান টিপু, যুব জামায়াত আলীশাহ পাড়া পূর্ব শাখার সভাপতি মিজানুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল ইসলাম রিয়াদ, যুব জামায়াত নেতা মোঃ মাসুম হোসাইনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওসমান গনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক মহামূল্যবান নেয়ামত। এই মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাস। তিনি বলেন, রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। তিনি আরও বলেন, রমজান শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ধৈর্য, সংযম, দান-সদকা, দরিদ্র-অসহায়ের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার এক মহৎ শিক্ষা প্রদান করে। তাই রমজানের প্রকৃত চেতনা ধারণ করে একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসকে কোরআনের মাস বলা হয়। এই মাসে ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয় এবং একটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান হয়ে যায়। এছাড়া লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাতও এই মাসেই অবস্থিত, যা হাজার মাসের চেয়েও উত্তম। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।










