খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান —
- Update Time : ০৮:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৪০ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিকিৎসা সেবায় হয়রানি ও রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মের অভিযোগে সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার ও উপসহকারী পরিচালক আলম মিয়ার নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। অভিযানকালে দুদক জানায়, হাসপাতালে সরকারি ওষুধ সরবরাহ প্রেসক্রিপশন অনুযায়ী মোটামুটি সঠিকভাবে হচ্ছে। তবে রোগীদের খাবারের মান ও পরিমাণ ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হচ্ছে না। দুপুরের খাবারে রোগীদের ১৬৫ গ্রাম বয়লার মুরগির মাংস, ২০০ গ্রাম ভাত, ১৩৫ গ্রাম মিশ্রিত সবজি ও ২৫ গ্রাম ডাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে রোগীরা পেয়েছেন মাত্র ৩৬ গ্রাম মাংস, ১৬৫ গ্রাম ভাত ও ১০৫ গ্রাম সবজি। ডাল সরবরাহই করা হয়নি। এ নিয়ে রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ ছাড়া হাসপাতালের সামনের অংশ পরিচ্ছন্ন থাকলেও টয়লেট ও অভ্যন্তরীণ এলাকাগুলো অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আউটসোর্সিং জনবল সংকটের কারণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। অভিযানে ওষুধের স্টক সংক্রান্ত রেজিস্টার যাচাই করে কিছু ওষুধের ঘাটতিও পাওয়া গেছে। এ বিষয়ে জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানায় দুদক। দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার সাংবাদিকদের বলেন, “হাসপাতালের এমএসআর প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানের প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা বলেন, সরকারি ওষুধ পাওয়া গেলেও খাবার ও পরিচ্ছন্নতার মান খুবই হতাশাজনক। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

























