গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের চারজন গ্রেপ্তার
- Update Time : ০৮:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৩১৭ Time View

- আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার :
গাজীপুর সদরের বাঘের বাজারে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের মূল হোতা ইলিয়াস মোল্লাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
৩১ মে শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটক করা হয় ইলিয়াস ও তার তিন সহযোগী আপু, নাহিদ ও জাহিদকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা এবং জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে জড়িত ছিল। সে একাধিকবার সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়।
জানা যায়, ইলিয়াসের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা রয়েছে। অভিযানের সময় পালানোর চেষ্টা করলেও যৌথ বাহিনী তাকে দ্রুত আটক করে। পরে আটককৃতদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বহুদিন পর সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেলেন তারা।
















