সিরাজগঞ্জে জাল নোট সিন্ডিকেটের সক্রিয় সদস্য মোঃ রঞ্জু ধরা পড়লো র্যাবের জালে
- Update Time : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৬ Time View

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে আবারও জাল নোট চক্রের বিরুদ্ধে শক্ত হাতে আঘাত হেনেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১২, সদর কোম্পানির অভিযানে শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানাধীন সদানন্দপুর কড্ডার মোড় এলাকায় বিপুল পরিমাণ জাল নোট, নগদ অর্থ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ এক অর্থকারবারিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল নাটোর থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে শ্যামলী পরিবহনের সামনে অভিযান চালায়। অভিযানে ১০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি এবং ২০০ টাকার ২০টি— সর্বমোট ৮০টি জাল নোট উদ্ধার করা হয়। যার আর্থিক মূল্য দাঁড়ায় ৪৮ হাজার ৫০০ টাকা। এছাড়া জাল নোট কারবার থেকে উপার্জিত খাঁটি নগদ ৮ হাজার ৯৯০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রঞ্জু আহমেদ (৪০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি লোকচক্ষুর আড়ালে থেকে জাল টাকা ব্যবসা চালিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু স্বীকার করেছেন, তিনি সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় জাল টাকা নিজ হেফাজতে রেখে খাঁটি নোটের মতো ব্যবহার করে লেনদেন করতেন। এর আগেও তার বিরুদ্ধে জাল নোট কারবারের মামলা রয়েছে। র্যাব জানায়, জাল নোট চক্র দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এই চক্রের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, বাজারে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। জনগণের নিরাপত্তা ও অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় র্যাব নিয়মিতভাবে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।























