যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের একঝালা মোড় থেকে পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, চাকরিজীবী ও সাধারণ পথচারীসহ শত শত মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে জানা গেছে, সড়কটি সংস্কারের জন্য কয়েকবার বাজেট অনুমোদনের কথা শোনা গেলেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত উক্ত সড়কটির বেহাল দশা থেকে মুক্তি ও সংস্কারকাজ জরুরি হস্তক্ষেপ কামনার দাবি জানিয়েছেন।