যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মেহেদী হাসান। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। সততা, নিষ্ঠা, দয়ালু মনোভাব ও পরোপকারী কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনেও তিনি বেশ সক্রিয়। বর্তমানে তিনি যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বেনাপোল পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন বলেও জানা গেছে। মেহেদী হাসান বলেন, “দীর্ঘদিন ধরে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নানা দিক থেকে অবহেলিত ছিল। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ওয়ার্ডের উন্নয়নে প্রত্যাশিত কাজ হয়নি। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে মানুষ অনেক পিছিয়ে ছিল। আমি জনগণের সেবক হয়ে এই ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “আমি কাউন্সিলর নির্বাচিত হলে শুধু ৩ নম্বর ওয়ার্ড নয়, পুরো বেনাপোল পৌরসভার মধ্যে এই ওয়ার্ডকে এক নম্বর স্থানে নিয়ে যেতে চাই। নাগরিক সুবিধা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, যুব সমাজকে উন্নয়নের পথে সম্পৃক্ত করা এবং প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।” এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ মন্দির বেনাপোল পাটবাড়ী এবং অধিক সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস এই ৩ নম্বর ওয়ার্ডে। তাই সকল ধর্মের মানুষের জানমাল নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব দেবেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছেন। যে কোনো বিপদ-আপদে তাকে কাছে পাওয়া যায়। তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মন জয় করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে মেহেদী হাসান বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ওয়ার্ডে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।