বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর রুবিগেইটস্থ ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক কেন্দ্র ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে পবিত্র ১৪ জিলক্বদ চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘খাইমাতু রুফাইদা (রা.) ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’। আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে গত শনিবার (২ মে) আয়োজিত এ মানবকল্যাণমূলক কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু, বাতব্যথা, অর্থোপেডিক, মানসিক স্বাস্থ্য, নাক-কান-গলা, চক্ষু, নিউরোলজি, ফিজিওথেরাপি এবং চর্মরোগসহ বিভিন্ন বিভাগে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। একইসঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন ও ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী। তিনি বলেন, “খাইমাতু রুফাইদা (রা.) নামকরণের পেছনে রয়েছে ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স হযরত রুফাইদা আল আসলামিয়া (রা.)-এর অনন্য অবদান। তিনি যুদ্ধক্ষেত্রে আহতদের সেবায় আত্মনিয়োগ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তিনি আরও বলেন, সুফিয়ায়ে কেরামের দরবারসমূহ যুগে যুগে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এ ধরনের কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ। মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া দক্ষিণ শুকছড়ি চিশতীয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ নাসেরুল হক চিশতী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফিনিশ একাডেমির পিএইচডি ফেলো ড. সেলিম জাহাঙ্গীর। এছাড়া আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ সাদী, ড. শাহীনুর রহমান ও ড. নূরুল আলম। বক্তারা মানবতা ও চিকিৎসাসেবায় আউলিয়া কেরামের দরবারসমূহের ঐতিহাসিক অবদান তুলে ধরেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা তানজিদ হাশেমী, শাহজাদা মাওলানা মুহাম্মদ আকমল রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, শাহজাদা সরওয়ার হোসেন মিরু, পীরজাদা হাফেজ খায়রুল বশর ছিদ্দিকী ফয়সল এবং পীরজাদা নঈম উদ্দিন রজায়ীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান নূরী। মিলাদ ও কেয়াম পরিচালনা করেন শাহজাদা সাহিলুর রশিদ নূরী। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য, এ আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন ওষখাইন গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল ও দরবারের স্বেচ্ছাসেবকবৃন্দ