খানসামায় হরিবাসরে মোটরসাইকেল হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- Update Time : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৪১৭ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজার সংলগ্ন রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
বৃহস্পতিবার (১২ জুন) আনুমানিক ভোর ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহত জীবন রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার (টুপার) বাজারে ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের বড়ো ছেলে।তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়,হরিবাসর চলাকালে হরিবাসরের গ্যারেজে মোটরসাইকেল হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন রায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে (পাকেরহাটস্থ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাসকালী হরিবাসর কমিটির সভাপতি প্রদীপ রায় জানান,২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ট কালীন লীলা কীর্তন শেষের দিকে ভোর বেলায় মৃত্যু জীবন রায় গ্যারেজের মধ্যে হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর পর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাহকার্য সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পাশাপাশি তিনি অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।




















